ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ডাম্প ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত জিরা ও ট্রাকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বিজিবির ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি বালুভর্তি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানোর সময় ট্রাকে থাকা বালুর স্তরের নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে ৬ হাজার ৪৫০ কেজি জিরাসহ ট্রাকটি জব্দ করে বিজিবি।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত জিরা ও ডাম্প ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।