নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া টাকার একটি বড় অংশ এবং ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা মেহেরপুর জেলা থেকে ধরা পড়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা গ্রামের আলমাস আলীর ছেলে সবুজ আলী (২৫) এবং নাটোরের লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (২৪)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে লালপুর বাজারের ‘ডাচ-বাংলা ব্যাংক’ শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন জেসমীন নাহার। টাকাগুলো নিজের ভ্যানিটি ব্যাগে রেখে তিনি অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৈদ্যনাথপুর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের ফাঁকা সড়কে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই যুবক চলন্ত ভ্যান থেকে তার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লালপুর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবারই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।