নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি হয়েছে। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। এতে ওই কৃষকের আর্থিক ক্ষতি হয়েছে অন্তত ৬ লাখ টাকা বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হাদিয়ার শেখ প্রতিদিনের মতো রাতে তার ৭টি গরু গোয়ালঘরে বেঁধে তালা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমাতে যান। রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে একদল সংঘবদ্ধ চোর গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সবকটি গরু নিয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কৃষক হাদিয়ার শেখ গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি লক্ষ্য করেন, তার লালনপালিত ৭টি গরুর একটিও সেখানে নেই।
নিজের সর্বস্ব হারিয়ে দিশেহারা কৃষক হাদিয়ার শেখ আকুতি জানিয়ে বলেন, "গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকারও বেশি। দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করে এসব গরু লালনপালন করেছিলাম। এক রাতের ব্যবধানে আমার সব শেষ হয়ে গেল; আমি পথে বসে গেলাম।"
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করতে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।