কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ইয়াবা পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া সরকারি কলেজ সংলগ্ন এলাকা থেকে এই অভিযান চালানো হয়। র্যাবের দাবি, পর্যটকের বেশ ধরে মোটরসাইকেলে ইয়াবা পাচার করছিল এই ‘বাইকার গ্যাং’।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ বশির, বেলাল উদ্দিন, নুরুল মুস্তাফা, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ হোসেন।
র্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তাওহীদুল ইসলাম আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পটিয়া সরকারি কলেজের সামনে মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করা হয়। তল্লাশির সময় প্রথমে একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। র্যাবের দাবি, ওই ব্যক্তি সামনে কোনো তল্লাশিচৌকি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান আছে কি না, তা পেছনে থাকা দলের সদস্যদের জানাতেন।
এরপর আরও চারটি মোটরসাইকেলে আসা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মোটরসাইকেলের আসনের নিচে কৌশলে লুকিয়ে রাখা এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। র্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৌশলে কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন বলে র্যাব জানিয়েছে। তাঁরা কক্সবাজারের রামু থেকে এসব ইয়াবা সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছেন।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোজাফফর হোসাইন মুক্তকণ্ঠকে বলেন, "গ্রেপ্তার ‘বাইকার গ্যাং’ পর্যটকের বেশে মোটরসাইকেলে ইয়াবা পাচারে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।"