ফ্রিজারের ভেতরে অতিরিক্ত বরফ জমে গেলে এটি শুধু জায়গা কমায় না, বরং যন্ত্রটিকে বেশি পরিশ্রম করতে বাধ্য করে। এর ফলে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পেতে পারে এবং ফ্রিজারের কার্যক্ষমতা কমে যেতে পারে। তাই সময়মতো বরফ পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

অনেকে মনে করেন, বরফ গলানো একটি ঝামেলার কাজ। তবে কিছু সহজ ও নিরাপদ পদ্ধতি অনুসরণ করলে দ্রুত ফ্রিজারের বরফ গলানো সম্ভব।

গরম পানির বাটির কৌশল
বিশেষজ্ঞদের মতে, বরফ গলানোর সবচেয়ে সহজ উপায় হলো গরম পানির বাষ্প ব্যবহার করা। প্রথমে ফ্রিজারের প্লাগ খুলে দিন এবং ভেতরের সব খাবার কুলার বক্স বা বরফসহ ইনসুলেটেড ব্যাগে রাখুন। এরপর ফ্রিজারের নিচে তোয়ালে বিছিয়ে দিন, যাতে গলা পানি ছড়িয়ে না পড়ে।

একটি তাপসহনশীল পাত্রে ফুটন্ত পানি ঢেলে ফ্রিজারের ভেতরে রাখুন। তারপর দরজা বন্ধ করে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। গরম বাষ্প বরফকে নরম করে দেবে এবং বড় বড় বরফের টুকরো সহজেই আলগা হয়ে আসবে। প্রয়োজন হলে আবার নতুন গরম পানি ব্যবহার করুন।

বরফ তুলতে কী ব্যবহার করবেন?
বরফ নরম হয়ে এলে প্লাস্টিকের স্প্যাচুলা বা কাঠের চামচ দিয়ে আলতোভাবে তুলে ফেলুন। ধারালো ছুরি, স্ক্রু ড্রাইভার বা ধাতব কোনো বস্তু ব্যবহার করবেন না। এতে ফ্রিজারের ভেতরের আস্তরণ বা কুলিং লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।

বরফ বেশি হলে কী করবেন?
যদি বরফের স্তর খুব পুরু হয়, তাহলে শুধু গরম পানির বাটি যথেষ্ট নাও হতে পারে। এ ক্ষেত্রে ফ্রিজারের দরজা খুলে রেখে বাইরে থেকে একটি ছোট ফ্যান চালাতে পারেন। ঘরের স্বাভাবিক তাপমাত্রার বাতাস ভেতরে প্রবেশ করে বরফ আরও দ্রুত গলতে সাহায্য করবে।

বরফ গলে গেলে যা করবেন
সব বরফ গলে গেলে পরিষ্কার কাপড় বা স্পঞ্জ দিয়ে ভেতরের পানি মুছে ফেলুন। এরপর হালকা সাবান বা বেকিং সোডা মিশ্রিত পানি দিয়ে ফ্রিজারের ভেতর পরিষ্কার করে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর প্লাগ লাগিয়ে ফ্রিজার আবার প্রয়োজনীয় তাপমাত্রায় ঠান্ডা হলে খাবারগুলো ভেতরে রাখুন।

যেসব ভুল করবেন না
প্লাগ না খুলে বরফ গলানোর চেষ্টা করবেন না। ধারালো ধাতব বস্তু দিয়ে বরফ খোঁচাবেন না। বৈদ্যুতিক অংশে পানি লাগতে দেবেন না। বরফ গলানোর সময় খাবার দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় ফেলে রাখবেন না।

ভবিষ্যতে বরফ জমা কমানোর উপায়
ফ্রিজারের দরজা অযথা বারবার খুলবেন না। দরজার রাবারের সিল ঠিক আছে কি না নিয়মিত পরীক্ষা করুন। গরম খাবার সরাসরি ফ্রিজারে রাখবেন না। ফ্রিজার অতিরিক্ত ভর্তি করবেন না, যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। বছরে অন্তত এক বা দুইবার ফ্রিজার ডিফ্রস্ট করুন।

ফ্রিজারের বরফ পরিষ্কার করতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার প্রয়োজন নেই। গরম পানির বাষ্প এবং কিছু সতর্কতা মেনে চললে নিরাপদে ও দ্রুত বরফ গলানো সম্ভব। নিয়মিত ডিফ্রস্ট করলে ফ্রিজারের কার্যক্ষমতা ভালো থাকে, বিদ্যুৎ খরচও কমে এবং খাবার সংরক্ষণ আরও কার্যকর হয়।