মৌলভীবাজারের বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে উটপাখি ও এমু পাখির ডিম পাড়ার ঘটনাটি দর্শনার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। সাধারণত উটপাখির ডিমের বিশাল আকার সম্পর্কে জানা থাকলেও কাছ থেকে তা দেখার সুযোগ খুব কম মানুষেরই হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ার পাখি এমুর সবুজাভ-নীল ডিমও সচরাচর দেখা যায় না। সম্প্রতি এই পার্কে দুই প্রজাতির পাখিই ডিম দেওয়ায় পর্যটকদের বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত এই বার্ড পার্কে গত শুক্রবার বিকেলে ডিমগুলো দেখা যায়। বর্তমানে উটপাখির দুটি এবং এমু পাখির একটি ডিম সংরক্ষণ করে রাখা হয়েছে, যা দর্শনার্থীরা হাতে নিয়ে দেখছেন। জানা গেছে, ধূসর রঙের উটপাখির একটি ডিমের ওজন প্রায় দেড় কেজি এবং এমুর সবুজাভ-নীলচে ডিমটিও আকারে বেশ বড়।
পার্কটিতে দুটি উটপাখি ও দুটি এমু পৃথক খাঁচায় রাখা হয়েছে। তাদের বিশেষ শারীরিক গঠন ও ধীরগতির চলাফেরা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।
প্রাণিবিজ্ঞান অনুযায়ী, উটপাখি পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী জীবিত পাখি। পূর্ণবয়স্ক উটপাখির উচ্চতা আট থেকে ১০ ফুট এবং ওজন ৬৩ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হতে পারে। ভারী শরীরের কারণে উড়তে না পারলেও এরা ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম। একটি উটপাখির ডিমের ওজন দেড় কেজির বেশি হতে পারে, যা প্রায় ২৪টি মুরগির ডিমের সমান। এরা মূলত আফ্রিকার তৃণভূমি, সাভানা ও শুষ্ক অঞ্চলে বাস করে।
অন্যদিকে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি হলো এমু। অস্ট্রেলিয়ার এই উড়তে-অক্ষম পাখির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট এবং ওজন ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত হয়। এরা ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। স্ত্রী এমু সাধারণত গাঢ় সবুজ বা নীলাভ-সবুজ রঙের বড় আকারের ডিম পাড়ে, যার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। তবে উটপাখির বিপরীত, এমুর ডিমে তা দেয় পুরুষ পাখি।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশের অন্যতম বড় পরিবেশবান্ধব পাখি উদ্যান। এখানে উটপাখি ও এমু ছাড়াও বিভিন্ন দেশি-বিদেশি পাখি, ময়ূর, টার্কি, ব্ল্যাক সোয়ান, চিত্রা হরিণ, রাজহাঁস, চীনাহাঁস, রঙিন মাছ, কৃত্রিম ঝরনা, বার্ড লার্নিং সেন্টার, কিডস জোন ও ইলিউশন মিউজিয়াম রয়েছে।
সংরক্ষিত এই ডিমগুলো থেকে ভবিষ্যতে বাচ্চা ফুটবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী। তিনি জানান, দর্শনার্থীদের দেখার জন্য তাঁরা ডিমগুলো সংরক্ষণ করবেন।