একই সময়ে ও একই স্থানে তিনটি ভিন্ন সংগঠনের কর্মসূচি ঘোষণার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "বৃহস্পতিবার (আজ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই জায়গায় আর একই সময়ে তিনটি সংগঠনের সমাবেশের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।"

জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির দাবি, "দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা এবং মবতন্ত্রের প্রতিবাদে" এই কর্মসূচি পালিত হবে।

ঠিক একই সময়ে ও স্থানে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়া আজ দুপুর ১২টায় ভাষাশহীদ রফিক ভবনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।