ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মামলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, "শওকত ইমরানের বিরুদ্ধে নৈতিক স্খলন এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।"

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের কাছে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।"

নোটিশে এই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

এর আগে বগুড়ার এক ব্যাংক কর্মকর্তাকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং বিকাশের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগে শওকত ইমরানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শওকত ইমরানের ২২ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিল এনসিপি।