শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জুলাই শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন নির্মিতব্য জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশার মানুষ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, "জুলাই শহীদ গণহত্যা দিবস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও আত্মজিজ্ঞাসার দিন। অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশকে একটি উদার, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার সমুন্নত রেখে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।"
অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা এই র্যালিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
সম্ভাব্য উত্তেজনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন থাকবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, "৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।"
পুলিশ সুপার মো. হাবিবউল্লাহ জানান, দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।