জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের রেশ ধরে ন্যাশনাল মেডিকেলের সামনে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেখানে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে উপস্থিত দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে ন্যাশনাল মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। বিকেল পৌনে ৫টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করে হাসপাতালের বাইরে এবং জরুরি বিভাগে চিকিৎসাধীন নেতাকর্মীদের মারধর করে। এমনকি জরুরি বিভাগের ভেতর থেকে একজনকে বাইরে বের করে এনেও মারধর করা হয় বলে জানা গেছে।
অন্যদিকে, ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল ও শিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন।" তিনি আরও জানান, "ক্যাম্পাসের ভেতরে পুলিশ থাকে না। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে।"
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনেও জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেখানে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে।