দুবাই থেকে দেশে ফেরার পথে অন্তর্বাসে পাউডার ও পেস্ট আকারে প্রায় দেড় কেজি সোনা লুকিয়ে আনার চেষ্টার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। মঙ্গলবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম পৌঁছান মোহাম্মদ তুষার। বিমানবন্দরে নামার পর তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গোয়েন্দা নজরদারিতে তাঁকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর অন্তর্বাসের ভেতর থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা পাউডার ও পেস্ট আকৃতির পদার্থ উদ্ধার করা হয়। আটক মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তবে এর মধ্যে প্রকৃত সোনার পরিমাণ কত, তা নিশ্চিত করতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পুরো চালানটি সোনা হলে এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, "উদ্ধার হওয়া পাউডার থেকে প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরীক্ষা শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।"