জামায়াতে ইসলামী নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করলেও বছরের পর বছর তারা তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি অভিযোগ করেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জামায়াত মূলত জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আন্দোলনের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, "জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা-খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি।"

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখনও অনড়, সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তাতে সাড়া দেয়নি জনগণ। গণভোট ও জুলাই সনদ নিয়ে এখন জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত।"