পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের এক বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে এই অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালানো হলে এক বিক্রেতা মৎস্য অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পালিয়ে যান। সেখান থেকেই মাছগুলো জব্দ করা হয়। উল্লেখ্য, পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের আমদানি, প্রজনন, চাষ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করে কাউখালী থানা-পুলিশের একটি দল। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নির্দেশে জব্দ করা মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, "আফ্রিকান মাগুর পরিবেশ ও দেশীয় মাছের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জন্য সরকার এটি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কাউখালীতে নিষিদ্ধ মাছের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ী কেউ নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও জানান, জব্দ করা মাছ নষ্ট না করে ইউএনওর নির্দেশে এতিমখানায় বিতরণ করা হয়েছে, যাতে তা জনকল্যাণে ব্যবহার করা যায়।