মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে ছয় সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে চা-শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি চালান।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে তাদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হচ্ছে না, ফলে তারা পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে মজুরি না পেয়ে চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে হিমশিম খেতে হচ্ছে। সন্তানদের লেখাপড়ার খরচ এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকরা জানান, জীবিকার তাগিদে অনেকেই উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। তারা অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।
রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, "দ্রুত চা-শ্রমিকদের সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।"
এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান মুক্তকণ্ঠকে জানান, "চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে অতিসত্বর যাতে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।"