দিনের শুরুটা যদি সঠিক অভ্যাসের মাধ্যমে হয়, তবে তা শরীরের সামগ্রিক সুস্থতায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে ওঠার পর সঠিক পানীয় গ্রহণ করলে শরীরের পানিশূন্যতা দূর হয়, হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং সারাদিন সতেজ থাকা সম্ভব হয়। এর জন্য কোনো দামি ডিটক্স পানীয় বা বিশেষ সাপ্লিমেন্টের প্রয়োজন নেই; প্রতিদিনের সহজলভ্য তিনটি পানীয়ই হতে পারে স্বাস্থ্যকর সকালের অংশ। তবে মনে রাখতে হবে, এগুলো কোনো রোগের চিকিৎসা নয়। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে এই পানীয়গুলোর সমন্বয় সবচেয়ে বেশি কার্যকর।
সকালের শুরু হোক এক গ্লাস পানি দিয়ে
রাতভর ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। তাই ঘুম থেকে উঠে এক গ্লাস সাধারণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে। হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং শরীরের অভ্যন্তরীণ কার্যক্রম সচল রাখতে পর্যাপ্ত পানি পানের গুরুত্ব অপরিসীম।
চিনি ছাড়া গ্রিন টি বা হারবাল টি
পুষ্টিবিদের মতে, সকালের দ্বিতীয় পানীয় হিসেবে চিনি ছাড়া গ্রিন টি বা হারবাল টি বেছে নেওয়া যেতে পারে। গ্রিন টি-তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। অন্যদিকে, হারবাল টি অনেকের ক্ষেত্রে সতেজ অনুভূতি এনে দেয়। তবে এতে অতিরিক্ত চিনি যোগ করলে স্বাস্থ্য উপকারিতা কমে যেতে পারে।
ফল ও সবজির স্মুদি
সকালের নাশতার অংশ হিসেবে তাজা ফল, শাকসবজি, দই বা বীজ দিয়ে তৈরি স্মুদি খাওয়া যেতে পারে। এই পানীয় থেকে শরীর প্রয়োজনীয় ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান পায়। তবে স্মুদি তৈরির সময় অতিরিক্ত চিনি, সিরাপ বা আইসক্রিম মিশিয়ে নেওয়া উচিত নয়।
শুধু পানীয় নয়, নাশতাও গুরুত্বপূর্ণ
পুষ্টিবিদরা মনে করিয়ে দিয়েছেন, কেবল স্বাস্থ্যকর পানীয় খেলেই চলবে না; দিনের প্রথম খাবারে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর চর্বি এবং জটিল শর্করা থাকা প্রয়োজন। ডিম, ওটস, দই, ফল, বাদাম বা পূর্ণ শস্যের রুটি দিয়ে সুষম নাশতা করলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং শরীর প্রয়োজনীয় শক্তি পায়।
যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
সুস্থ থাকতে সকালে কিছু অভ্যাস বর্জন করা জরুরি। যেমন— অতিরিক্ত চিনি মেশানো পানীয় পান করা, খালি পেটে নিয়মিত কোমল পানীয় খাওয়া, শুধু কফির ওপর নির্ভর করে নাশতা বাদ দেওয়া এবং পর্যাপ্ত পানি পান না করা।
পরিশেষে, এক গ্লাস পানি, চিনি ছাড়া গ্রিন টি বা পুষ্টিকর স্মুডির মতো পানীয় শরীরকে ভালোভাবে দিন শুরু করতে সাহায্য করলেও, কোনো একটি পানীয় একাই সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেয় না। সুষম খাদ্য, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: এনডিটিভি