কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে সশস্ত্র ডাকাত দলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় বিকাশের দুই কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করা হয়েছে। টাকা ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় আল আরমান (২৬) নামে এক কর্মীকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর আগে এই ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দেওয়া তথ্যানুযায়ী, সকালে ইউসিবি ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বিকাশের তিনজন ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) পালকি পরিবহনের একটি বাসে করে হ্নীলার উদ্দেশ্যে রওনা হন। পথে ডাকাতরা সড়কে গাছ ফেলে এবং পেরেক বসানো তক্তা রেখে বাসটির গতি রোধ করে। বাসটি থামার পরপরই ৮-৯ জনের একটি সশস্ত্র দল বাসে ঢুকে যাত্রীদের জিম্মি করে।

হামলাকারীরা যখন আল আরমানের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিতে যায়, তখন তিনি বাধা দেন। এতে ডাকাতেরা তার ডান বাহু ও পিঠে ছুরিকাঘাত করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের মুখে অপর কর্মী একরাম হোসেনের (২৩) কাছ থেকে আরও ৩৫ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে মোট ৫৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দলটি।

আহত আল আরমান টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার এবং একরাম হোসেন টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার বাসিন্দা।

ঘটনার বর্ণনা দিয়ে আল আরমান বলেন, "টাকার ব্যাগটি সিটের নিচে পা দিয়ে চেপে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু ডাকাতেরা তাকে ছুরিকাঘাত করে এবং মাথায় অস্ত্র ঠেকিয়ে ব্যাগটি ছিনিয়ে নেয়।"

বাসচালক ফয়েজুল করিম জানান, সড়কে গাছ ও পেরেক বসানো তক্তা দিয়ে পথ অবরোধ করা হয়েছিল। বাধ্য হয়ে বাস থামানোর পর একজন ডাকাত তার মাথায় অস্ত্র ঠেকিয়ে রাখে এবং বাকিরা বাসে ঢুকে লুটপাট চালায়।

আহত আল আরমানকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া জানান, তার বাহুতে ছুরিকাঘাতের ক্ষত থাকলেও আঘাত গুরুতর নয়।

বিকাশের ম্যানেজার আলী হোসাইন জানান, সকালে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কর্মীরা হ্নীলার উদ্দেশে রওনা দেওয়ার পথেই এই ডাকাতির শিকার হন। অন্যদিকে, বিকাশের ডিস্ট্রিবিউটর আব্দুল করিম বলেন, "গত এক সপ্তাহ ধরে ওই সড়কে ডাকাতির ঘটনা ঘটছে। নিরাপত্তার জন্য কর্মীদের বড় বাসে চলাচলের নির্দেশ দেওয়া হলেও এ ঘটনা ঘটেছে। তাঁর ধারণা, বিকাশের কর্মীদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।"

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এছাড়া আহত বিকাশকর্মীসহ অন্য দুই কর্মীর সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।