মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের হাইল হাওর এলাকা থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গত রোববার (২ আগস্ট) সকালে হাইল হাওরে ধান রোপণের উদ্দেশ্যে ক্ষেত পরিষ্কার করার সময় কৃষকরা হঠাৎ সাপটিকে দেখতে পান। বিশাল আকৃতির অজগরটি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো উদ্ধারকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উপস্থিত লোকজন সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন।

ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হন মুহিবুর রহমান নামের এক যুবক। তিনি উপস্থিত লোকজনকে অনুরোধ জানান সাপটিকে মেরে না ফেলে তার জীবন রক্ষা করতে। এরপর দীর্ঘ প্রচেষ্টার পর তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

এই প্রসঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "বন্যপ্রাণী রক্ষায় অসামান্য সচেতনতা প্রদর্শনের জন্য মুহিবুর রহমান ধন্যবাদ পাওয়ার যোগ্য।"

উদ্ধার করা অজগর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।