চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। শনিবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। তল্লাশির পর ওই ব্যক্তির দেহ থেকে বিশেষ কৌশলে লুকানো ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪), তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, উদ্ধার হওয়া স্বর্ণগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক আসামি ও জব্দ করা মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তরের পাশাপাশি উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এই অভিযান প্রসঙ্গে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি নিয়ে গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার থাকবে।"