সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর বিষয়ে মুখ খুলেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে এই ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষের একটি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন তিনি।

শনিবার (১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক জরুরি বার্তার মাধ্যমে এই বিষয়ে কঠোর আইনি অবস্থানের কথা জানান ওই সংসদ সদস্য।

এম নাসের রহমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, "সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে তাকে এবং তার দলীয় আদর্শকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে প্রযুক্তির অপব্যবহার করে তার মাথা অন্য কারও শরীরে বসিয়ে এই মানহানিকর ও কুরুচিপূর্ণ ভিডিওটি তৈরি করেছে এবং তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।"

সাইবার অপরাধ ও মানহানির এই ঘটনায় ইতিমধ্যে প্রয়োজনীয় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ভবিষ্যতে এ ধরনের সাইবার অপরাধ রোধে সাধারণ জনগণের সচেতনতা কামনা করে তিনি বলেন, "কেউ যেন কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া এমন ভুয়া, বিভ্রান্তিকর এআই নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার না করেন।"

সবশেষে এই সংসদ সদস্য বলেন, "তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী এ ধরনের বিকৃত কনটেন্ট তৈরি, প্রচার বা পুনঃপ্রচার করা একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ।"

এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।