রাঙামাটি শহরের সমতাঘাট বাজারে বিক্রির উদ্দেশ্যে আনা পাঁচ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাজারটি থেকে মাংসটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বন বিভাগ জানায়, জঙ্গল থেকে ধরা একটি মায়া হরিণ জবাই করে সেটির মাংস সমতাঘাট বাজারে বিক্রি করা হচ্ছিল—এমন খবরে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু বন বিভাগের কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর ঘটনাস্থল থেকে পাঁচ কেজি মাংস জব্দ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘আমাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা মাংস রেখে পালিয়ে যায়। মাংসগুলো জব্দ করা হয়েছে। আজ আদালতের অনুমতি সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’