চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।
পুলিশ জানায়, মাদক, চোরাচালান ও দস্যুতা প্রতিরোধ এবং পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মিনু বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসীম ফিরোজ বলেন, "জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।"
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরাধবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।