কক্সবাজারের রামু উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক মিনি পিকআপচালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে রামু-মরিচ্যা সড়কের উপজেলার সদরের হাজারীকূল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল, তিনি রামুর কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে যানবাহনের মাধ্যমে অস্ত্রের একটি চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কচ্ছপিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

সেখানে নাইক্ষ্যংছড়ি থেকে আসা একটি সন্দেহজনক পিকআপ পৌঁছালে পুলিশ তাকে থামার সংকেত দেয়। তবে চালক সেই নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর পুলিশ গাড়িটিকে ধাওয়া করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, "পুলিশ গাড়িটি ধাওয়া করে হাজারীকূল এলাকায় আটকাতে সক্ষম হয়। গাড়িটি তল্লাশি করে চালকের সিটসংলগ্ন পাদানির নিচে লুকানো অবস্থায় ১টি বিদেশি পিস্তাল, ১টি ম্যাগজিন ও ৩টি গুলি পাওয়া যায়।"

তিনি আরও জানান, "গাড়ির চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।"