রাঙামাটির বাঘাইছড়িতে তীব্র বিদ্যুৎ সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকসেবায় চরম অব্যবস্থাপনার প্রতিবাদে স্থানীয় বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক এই বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। এর ফলে ওই এলাকার বাসিন্দারা দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

আন্দোলনকারী গ্রাহক মো. হালিম রেজা অভিযোগ করে বলেন, "নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ অফিস থেকে উল্টো ৮০ হাজার টাকা দাবি করা হয়েছে।"

এছাড়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়মিত অফিস না করা, ফোনে সাড়া না দেওয়া এবং মিটার রিডিং ছাড়াই ‘ভূতুড়ে বিল’ তৈরির অভিযোগও তুলে ধরেন স্থানীয়রা।

ঘেরাওয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাঘাইছড়ি থানা পুলিশ। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের কার্যকর আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

এসব অভিযোগের বিষয়ে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, “জনবল সংকটসহ বেশ কিছু সীমাবদ্ধতার কারণে নিয়মিত সেবা দিতে আমাদের কিছুটা বেগ পেতে হচ্ছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে পরিবহনসহ অন্যান্য কিছু আনুষঙ্গিক ব্যয় থাকে, যা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।”