নোয়াখালী সদরের সোনাপুরের শ্রীপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র ডাকাতদের দুঃসাহসিক লুটতরাজের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে। মুখোশ পরিহিত ডাকাত দল বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ছয় লাখ টাকা, তিন ভরি সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।
ভুক্তভোগী গৃহকর্তা মোফাজ্জল হোসেন ওরফে ফরহাদ জানান, গতকাল রাত সোয়া তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির পাকা ঘরের লোহার ফটক কেটে ভেতরে ঢুকে তাঁর এবং তাঁর দুই ছেলে ও পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে ছয় লাখ টাকা, তিন ভরি সোনার গয়নাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
মোফাজ্জল হোসেন আরও জানান, ডাকাতদের হামলায় তিনিসহ পরিবারের পাঁচজন সদস্য কমবেশি আহত হয়েছেন। ঘটনার পর তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং পরবর্তীতে বিষয়টি সুধারাম থানায় অবহিত করেন।
ডাকাতির ঘটনাটি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "খবর পেয়ে তিনি এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতেরা ঘর থেকে টাকা ও কিছু সোনার গয়না লুট করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"