যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। বেলা ২টা ৪১ মিনিটে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

সফরের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।’

সফরের প্রথম দিনে সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করবেন। এছাড়া আগামীকাল শুক্রবার তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ এবং আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার মাঝে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকরা।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন থেকে আসা তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা সার্জিও গর। এর আগে মার্চ মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছেন।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। বিশেষ করে গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, তার মূল্যায়ন এই সফরে প্রতিফলিত হতে পারে। এছাড়া প্রয়োজনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তাও তিনি বাংলাদেশের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারেন।

২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়োগের পর থেকেই তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শুরু করেন। নয়াদিল্লিকে কেন্দ্র করে তিনি ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক উন্নয়নের দায়িত্ব পালন করছেন। বিশেষ দূত হিসেবে তার নেপাল ও শ্রীলঙ্কা সফরও এই আঞ্চলিক কৌশলেরই অংশ ছিল।