যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বাংলাদেশে এটিই তার প্রথম সফর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

সফরসূচি অনুযায়ী, ঢাকা অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এবং রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

আগামী শুক্রবার তিনি কক্সবাজার সফর করবেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্পগুলো সরেজমিন পরিদর্শন করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে সার্জিও গোরের এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।