সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে দলটির নেতারা গোলাপগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

এই সফরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রয়েছেন।

এনসিপি মৌলভীবাজার সূত্রে জানা গেছে, সফরকালে নেতারা গোলাপগঞ্জ এলাকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের বাড়িতে যাবেন। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেবেন এবং সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা পৌঁছে দেবেন।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং একটি নির্ধারিত সমাবেশে যোগ দেবেন দলটির নেতারা। শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই বিশেষ সফরের আয়োজন করা হয়েছে।