কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন এইচ/২৯ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, "জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।"
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পরপরই দুর্বৃত্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন আরও জানান, "প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কথিত আরসা ও আরএসওর (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।"
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ওই এলাকায় অভিযান এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।