হবিগঞ্জে প্রবেশের পথে পুলিশি বাধার মুখে পড়ে মামলার অভিযোগ দায়ের করে মৌলভীবাজারে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার (২৯ জুলাই) রাতে তারা মৌলভীবাজার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে রাতযাপন শেষে বৃহস্পতিবার সকালে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।
মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন। বৃহস্পতিবার সিলেটে দলের পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। সকালে তারা সিলেটের উদ্দেশে রওনা হবেন।"
জানা গেছে, এদিন বিকেলে প্রায় চার ঘণ্টা সড়কে অপেক্ষা করেও পুলিশি বাধার কারণে হবিগঞ্জে প্রবেশ করতে পারেননি এনসিপির নেতাকর্মীরা। বুধবার বিকেল ৫টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির পাশের মুছাই এলাকায় এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দেয় পুলিশ। এসময় নেতারা হবিগঞ্জের কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি চেয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। তবে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ তাদের শহরে প্রবেশের অনুমতি দেয়নি।
পরবর্তীতে মঙ্গলবারের হামলার ঘটনায় মামলার অভিযোগ জমা দিয়ে তারা মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, "নিরাপত্তার স্বার্থে তাদের শহরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তারা কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসেই মঙ্গলবারের হামলার ঘটনায় মামলার অভিযোগ দিয়েছেন।"