চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নারায়ণপুর বাজার এলাকায় দীর্ঘদিনের বেহাল দশা দূর করতে সংস্কার কাজ শুরু করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। এর ফলে স্থানীয় বাসিন্দা, যাত্রী এবং চালকদের মাঝে স্বস্তি ফিরেছে।

এর আগে ওই সড়কের নারায়ণপুর সাহা বাড়ির মোড় ও বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের সূত্রে জানা গেছে, মাঝে মাঝে ইট-সুরকি দিয়ে সাময়িক মেরামত করা হলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে গিয়ে পুনরায় খানাখন্দ তৈরি হতো। ফলে বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। ধীরগতির কারণে ওই এলাকায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হতো, যা যাত্রীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সড়কের এই ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে অনলাইন পত্রিকা মুক্তকণ্ঠে ‘সড়ক নয় যেন মৃত্যুফাঁদ, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি কর্তৃপক্ষের নজরে আসার পরদিনই দ্রুত মেরামতের উদ্যোগ নেয় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

সড়কটি সাময়িকভাবে মেরামত করায় আপাতত দুর্ভোগ কমেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তারা সড়ক বিভাগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সমস্যাটির একটি টেকসই ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী মুক্তকণ্ঠকে জানান, "আপাতত চলাচলের সুবিধার্থে সড়কটি মেরামত করা হয়েছে। তবে স্থায়ী সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই টেকসই সংস্কারকাজ শুরু করা হবে।"