কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার নির্ধারিত নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার জন্য তিনি গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন এমপি আমির হামজা। তিনি দাবি করেন, "গতকাল শনিবার নির্ধারিত নির্বাচনি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার সময় গণঅধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ আমার গাড়িবহরে বর্বর ও অতর্কিত হামলা চালায়। ঘটনাটি আকস্মিক কোনো অপ্রীতিকর পরিস্থিতি নয়, বরং এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা।"
হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, "শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করার উদ্দেশ্যেই এ হামলার পরিকল্পনা করা হয়েছিল।"
লিখিত বক্তব্যে মুফতি আমির হামজা উল্লেখ করেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা তার দায়িত্ব। তবে রাজনীতির নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিতভাবে হামলার সাহস দেখায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু।
সংবাদ সম্মেলন থেকে তিনি তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং রাজনৈতিক চাপমুক্ত থেকে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এমপি আমির হামজা বলেন, "প্রশাসনকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।"
একই সঙ্গে কুষ্টিয়া-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, "আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।"
প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে কুষ্টিয়ার শান্তিপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উক্ত সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।