হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে প্রশাসন। এই প্রক্রিয়ায় উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত এআরবি ব্রিকস ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে, সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত এটি প্রথম অভিযান।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুমেন পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের পক্ষে এসআই নাজমুল ইসলাম এবং আনসার সদস্য নায়েক মো. কাসেম সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গাইবান্ধা জেলায় মোট ১২৫টি ইটভাটা রয়েছে। যার মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ১৬টি। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাকি ১০৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

অভিযান প্রসঙ্গে গাইবান্ধার সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রুমেন পাল বলেন, "হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সাঘাটায় প্রথম পর্যায়ে এআরবি ব্রিকসের চিমনি ভাঙার মধ্য দিয়ে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে হাইকোর্টের নির্দেশনার আওতাধীন অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।"