দেশের চা শিল্পের সার্বিক উন্নয়ন, ঋণ সহায়তা এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ ও পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্যমন্ত্রী এবং সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান, বাংলাদেশ চা সংসদের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান।
প্রজ্ঞাপন অনুযায়ী, চা বাগানগুলোর বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করার লক্ষ্যে মালিকদের শ্রেণিকৃত (ক্ল্যাসিফাইড) ঋণ পুনর্নির্ধারণ এবং নতুন ঋণ প্রদানের বিষয়ে সুপারিশ করবে এই কমিটি। পাশাপাশি চা খাতের উন্নতির জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত প্রদান করবে তারা।
এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে চা-কে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা এবং চা বাগানের অব্যবহৃত জমিতে বাণিজ্যিকভাবে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা ও করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।