খুলনা শহরের গুরুত্বপূর্ণ মোড় ‘জিরো পয়েন্ট’-এর নাম পরিবর্তন করে ‘নজরুল চত্বর’ ঘোষণা করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। নজরুলের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং রাষ্ট্রীয় উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, খুলনায় নজরুলকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে।
রোববার (১৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘নজরুল বর্ষ’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই ঘোষণা দেন।
বক্তব্যের এক অংশে নিতাই রায় চৌধুরী বলেন, "বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সাড়ে পাঁচ মাসে প্রায় পাঁচ বছরের সমপরিমাণ কাজ করার চেষ্টা করছে। প্রতি সপ্তাহে প্রয়োজন অনুযায়ী একাধিকবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কাজ করছে।"
আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনের সমালোচনা করে তিনি দাবি করেন, দীর্ঘদিনের শাসনে দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা, আইন, বিচার, প্রশাসন ও আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল এবং দেশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। ব্যাংক খাতের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, "কয়েকটি কোম্পানির সিন্ডিকেটের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণ নেওয়া হয়েছে। পরে বিভিন্নভাবে সেই অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে।"
শিক্ষাব্যবস্থা ও যুবসমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মেধার পরিবর্তে নির্দিষ্ট হারে পাস করানোর প্রবণতা শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সঙ্গে তরুণদের পরিকল্পিতভাবে মাদকাসক্ত করার অভিযোগ তোলেন তিনি। মাদক কারবারে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে তিনি বলেন, "খুব পরিকল্পিত কিন্তু চক্রান্ত। মাদকদ্রব্য, অবাধ মাদকদ্রব্যের শুরু হলো। সংসদ সদস্য পর্যন্ত, এমপিরা পর্যন্ত সেই মাদক কারবারের সঙ্গে জড়িত হয়ে পড়ল।"
রাষ্ট্রের ক্ষমতা ও সংবিধানের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম প্রজাতন্ত্র এবং জনগণই রাষ্ট্রের ক্ষমতার মালিক। নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠনের ক্ষমতা লাভ করে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, গণগ্রন্থাগার অধিদপ্তর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং আর্কাইভস ও গ্রন্থাগারসহ প্রায় ২১টি দপ্তর-অধিদপ্তর এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এছাড়া দেশের পাহাড় ও সমতলে বসবাসকারী প্রায় ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্য নিয়েও কাজ করতে হয়।
শিক্ষকদের বকেয়া অবসরকালীন সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, অনেক শিক্ষক দীর্ঘ সময় ধরে তাদের পাওনা থেকে বঞ্চিত ছিলেন। একজন শিক্ষক অবসরে যাওয়ার সময় এককালীন ৪০ থেকে ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বর্তমান সরকার এসব পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী এসে তার একবারে সমস্ত টাকা দিয়ে দিলেন। তো একেই বলে জনগণের প্রধানমন্ত্রী।"
উক্ত সভায় খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন, খুলনা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।