একসময় ওয়াশিংটন, জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের হয়ে সরব ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। সময়ের পরিক্রমায় বদলেছে তার ভূমিকা। সাংবাদিকতার পরিচিত গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সিনিয়র সচিবের মর্যাদা দেওয়া হয়েছিল।
সূত্রমতে, মন্ত্রিসভার দুজন প্রভাবশালী সদস্য মুশফিকুল ফজল আনসারীকে সরকারের সঙ্গে যুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পরামর্শ দিয়েছেন। এই প্রেক্ষিতে গত সপ্তাহে মুশফিক ফজল আনসারীকে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে প্রায় আধা ঘণ্টা একান্তে বৈঠক হয় বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক কোনো দায়িত্ব পেতে পারেন।
তবে সরকারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে মুশফিকুল ফজল আনসারী গতকাল রোববার বলেন, "আমি এ বিষয়ে কিছুই জানি না।"
উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।