কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে অপহৃত পাঁচ বছর বয়সী এক শিশুকে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ প্রদানের মাধ্যমে ফিরে পেয়েছে তার পরিবার। এই অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্প-১১ থেকে মো. জুনায়েদের পাঁচ বছর বয়সী ছেলে রহমত আলীকে অপহরণ করা হয়। অপহরণকারীরা শিশুটিকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় এবং মুক্তিপণ হিসেবে ছয় লাখ টাকা দাবি করে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, "শিশুটির পরিবারের সদস্যরা ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন। পরে নানা চেষ্টা-তদবিরের পর ৩ লাখ ২০ হাজার টাকায় সমঝোতা হয়। অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে টাকা পাঠানোর পর শিশুটিকে ছেড়ে দেওয়া হয়।"

তিনি আরও জানান, বুধবার ভোরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য মো. জাকারিয়া ওরফে জকরিয়াকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

অপহৃত শিশুর বাবা মো. জুনায়েদ সংবাদ সম্মেলনে বলেন, "প্রথমে অপহরণকারীরা ছয় লাখ টাকা দাবি করেছিল। পরে বিভিন্নভাবে চেষ্টা করে ৩ লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়। টাকা পাঠানোর পর তাঁর ছেলেকে ছেড়ে দেওয়া হয়।"

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জাকারিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে তার পরিবারের কাছেই রয়েছে।