সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। 'সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানারে আয়োজিত এক কর্মসূচিতে এই দাবি জানানো হয়। এসময় গ্রাহকরা বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয় এবং পল্টনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে জনপরিসরে যেসব অভিযোগ এসেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। একইসঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। এই দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ পরিবর্তনের ফলে ব্যাংকটির সুশাসন, আর্থিক স্থিতিশীলতা এবং গ্রাহকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতে, শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক দখল ও আর্থিক অনিয়মের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় না আনলে এই খাতে আস্থা ফিরবে না।

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন্নবী মানিক বলেন, "সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে দায়মুক্তির দাবি করলেও রাষ্ট্রপতি হওয়ার আগের কোনো কর্মকাণ্ড এ সুরক্ষার আওতায় পড়ে না।" তিনি আরও জানান, ২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব পালনের সময় শেয়ার কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত, মামলাসহ গ্রেপ্তারের সুযোগ রয়েছে।

অধ্যাপক নুরুন্নবী মানিক আরও বলেন, "রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি (মো. সাহাবুদ্দিন) ফৌজদারি অপরাধ করেছেন। এ জন্য তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।"