কক্সবাজারের সংরক্ষিত বনভূমিতে অবৈধ পানের বরজ উচ্ছেদ অভিযান চলাকালে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মোট ১০৭ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে পানেরছড়া রেঞ্জ এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

মামলায় নাম উল্লেখ করা অভিযুক্ত ব্যক্তিরা হলেন— রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়ার জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুল্লাহ, জয়নাল, নাজির হোসেন নাজু, আবু তাহের, রাসেল, ওবায়দুল হক, মিজানুর রহমান ওরফে সোনা মিয়া, আবছার, আতিক উল্লাহ, হাবিব আহমদ, মীর আহমদ, মোহাম্মদ নুর, আমির হোসেন, এনাম মিয়া ও ইসমাইল।

বন বিভাগের সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালাতে গেলে স্থানীয় একদল দখলদার সংঘবদ্ধ হয়ে বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, বনকর্মী হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান গুরুতর আহত হন। এছাড়া হামলায় অভিযানের কাজে ব্যবহৃত সরকারি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বন বিভাগ জানিয়েছে।

ঘটনার বিষয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, "সরকারি দায়িত্ব পালনকালে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।"