কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে দোকান থেকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার হ্নীলা বাজারে এই ঘটনাটি ঘটে।

আক্রান্ত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪০), তিনি হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পাঁচ থেকে সাতজন মুখোশধারী অস্ত্রধারী ব্যক্তি তাঁকে স্থানীয় একটি চায়ের দোকান থেকে তুলে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। এরপর তাঁকে কুপিয়ে জখম করে হ্নীলা দরগাহ এলাকায় ফেলে রাখা হয়। হামলায় তাঁর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হ্নীলার পাহাড় ও রোহিঙ্গা শিবির-সংলগ্ন এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক চক্রের সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত। হামলাকারীদের কাছে পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র ছিল এবং তারা ঘটনাস্থলে কয়েকটি ফাঁকা গুলিও ছুড়েছে বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হ্নীলায় সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে তুলে নিয়ে মারধরের বিষয়টি শুনেছি। কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’