নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রমূলক মিছিল-স্লোগানের প্রস্তুতির সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সোনারগাঁও থানাধীন বস্তুল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সোনারগাঁও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন— রায়হান (৩০), শাওন শেখ (১৯), রাব্বি (১৬), বিজয় পাল (১৯), সূর্য দেব (১৬), রুদ্র দেব (১৭), ইশান সাহা (১৭), রাজ শাহ (১৭), আবির হাসান (১৮), শাহরিয়ার (২৫), ইমন (২২) এবং জোবায়ের হোসেন (১৯)। তাদের মধ্যে কেউ কেউ নরসিংদী, ঢাকা এবং বাকিরা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক নির্দেশনায় এবং সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এসআই মামুনুর রশিদ ও এসআই মোহাম্মদ সেলিম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন সদস্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে একত্রিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং মিছিল-স্লোগানের প্রস্তুতি নিচ্ছেন। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ধাওয়া করে ১২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে জানান, "গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত-২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় মামলা রুজু করা হয়েছে।" তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৮ জুলাই) তাদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।
জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সোনারগাঁও থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।