দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেওয়ায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।
সোমবার (২৭ জুলাই) আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালুর সুযোগ সৃষ্টি হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ মহান আল্লাহতাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছে।"
একই সঙ্গে সরকার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন সময়ে যারা হাসপাতালটির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।
এর আগে সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লাইসেন্স পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরবর্তীতে কর্তৃপক্ষ আপিল করলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।
তবে হাসপাতালটি পুনরায় পরিচালনার জন্য সরকার কিছু শর্ত আরোপ করেছে। শর্তানুসারে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। পাশাপাশি লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।