রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এই অনুমতি প্রদানের ক্ষেত্রে তিনটি বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "তদন্ত কমিটির সন্তোষজনক প্রতিবেদন পাওয়া সাপেক্ষে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হলো।"

হাসপাতালটির জন্য নির্ধারিত শর্তগুলো হলো—
১। "দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস্ অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।"
২। "লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।"
৩। "লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"