মানুষের যোগাযোগের ক্ষেত্রে শব্দ বা ভাষার পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, হাতের নড়াচড়া কিংবা বসার ও দাঁড়ানোর ধরন অনেক সময় মুখে বলা কথার চেয়েও বেশি অর্থ প্রকাশ করে। একেই বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা।

গবেষণায় দেখা গেছে, মানুষের যোগাযোগের একটি বড় অংশই অমৌখিক। আপনি কী বলছেন তার চেয়ে কীভাবে বলছেন এবং সেই সময় আপনার শরীরের ভঙ্গি কেমন, তা অন্যের ওপর গভীর প্রভাব ফেলে। সাধারণত আত্মবিশ্বাস, আগ্রহ, অস্বস্তি কিংবা উদ্বেগ শরীরী ভাষার মাধ্যমেই প্রকাশ পায়।

চোখের দৃষ্টির ক্ষেত্রে দেখা যায়, স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে কথা বলা আত্মবিশ্বাস ও মনোযোগের লক্ষণ। তবে একদৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা আক্রমণাত্মক বা অস্বস্তিকর মনে হতে পারে। আবার বারবার চোখ সরিয়ে নেওয়া মানেই মিথ্যা বলা নয়; লজ্জা, উদ্বেগ বা সাংস্কৃতিক অভ্যাসের কারণেও এমনটি হতে পারে।

হাসির ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। প্রকৃত হাসিতে ঠোঁটের পাশাপাশি চোখের চারপাশের পেশিও সক্রিয় থাকে। বিপরীতে, কৃত্রিম হাসিতে কেবল ঠোঁট নড়ে, চোখে উষ্ণতা থাকে না। তবে কেবল একটি মুহূর্তের ছবি দেখে এই সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয়।

অনেকের ধারণা, বুকের সামনে হাত গুটিয়ে রাখা মানেই রাগ বা বিরক্তি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঠান্ডা লাগা, আরাম পাওয়া কিংবা অভ্যাসের কারণেও মানুষ এমন ভঙ্গি করতে পারে। একইভাবে, খোলা হাত বা স্বাভাবিক নড়াচড়া আন্তরিকতা ও আত্মবিশ্বাসের ইঙ্গিত দেয়, আর অস্থিরভাবে আঙুল নাড়ানো বা বারবার কোনো জিনিস স্পর্শ করা উদ্বেগ বা মানসিক চাপের লক্ষণ হতে পারে। তবে এসব বিষয় ব্যক্তিভেদে ভিন্ন হয়।

বসার ও দাঁড়ানোর ভঙ্গির ক্ষেত্রে সোজা হয়ে থাকা আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ, আর কুঁজো হয়ে বসা ক্লান্তি বা অনাগ্রহের লক্ষণ হতে পারে। তবে শারীরিক সমস্যা বা দীর্ঘক্ষণ কাজের ক্লান্তির কারণেও এমনটি হতে পারে। এছাড়া কথোপকথনের সময় অজান্তেই সামনের মানুষের অঙ্গভঙ্গি অনুসরণ করাকে বলা হয় 'মিররিং', যা পারস্পরিক স্বস্তি ও ভালো বোঝাপড়ার ইঙ্গিত দেয়।

সিনেমা বা সামাজিক মাধ্যমে নির্দিষ্ট অঙ্গভঙ্গি দেখে মিথ্যা ধরার দাবি করা হলেও মনোবিজ্ঞানীদের মতে, এর পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই কেবল একটি অঙ্গভঙ্গি দেখে সিদ্ধান্ত না নিয়ে ব্যক্তির স্বাভাবিক আচরণ, পরিস্থিতি এবং কথাবার্তা সবকিছু একসঙ্গে বিবেচনা করা উচিত।

নিজের বডি ল্যাঙ্গুয়েজ উন্নত করতে কথা বলার সময় স্বাভাবিকভাবে চোখে চোখ রাখা, সোজা হয়ে বসা বা দাঁড়ানো, মুখে স্বাভাবিক হাসি রাখা এবং হাত-পা স্বাভাবিক রাখা প্রয়োজন। এছাড়া অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন অনুযায়ী মাথা নেড়ে প্রতিক্রিয়া জানানো ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে।

পরিশেষে, বডি ল্যাঙ্গুয়েজ অন্যকে বুঝতে সাহায্য করলেও তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। পরিস্থিতি, কথা এবং শরীরী ভাষা—সবকিছুর সমন্বয়েই মানুষের আচরণের সঠিক ধারণা পাওয়া সম্ভব।

সূত্র: রিডার্স ডাইজেস্ট