কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘাতের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল বলে জানা গেছে।
সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসী বাজারের পাশের রেললাইন অবরোধ করে। এর ফলে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে তিন ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাসুদ মিয়া (৩০) নিহত হন। নিহত মাসুদ মিয়া উপজেলার মিরারচর পূর্বপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে। সংঘর্ষে আহত অন্তত ১৫ জনের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংঘাতের প্রভাবে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি মোকাবিলায় জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।"