কয়েক বছর সৌদি আরবে কাজ করার পর দেশে ফিরেছিলেন আলী হোসেন (২৮)। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে আবারও বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কাতারের ভিসা পাওয়ার পর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষাও সম্পন্ন করেন। তবে বাড়ি ফেরার পথেই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

আজ রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাতলিঘাট এলাকায় মৌলভীবাজার–বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের বাসিন্দা। টানা প্রায় পাঁচ বছর সৌদি আরবে শ্রমিক হিসেবে কর্মরত থাকার পর বছরখানেক আগে দেশে ফিরে বিয়ে করেন তিনি। মাত্র ৩৫ দিন আগে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়েছে। সম্প্রতি পরিবারের হাল ফেরাতে আবারও বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন আলী হোসেন। গত ২০ জুলাই সিলেটের একটি হাসপাতালে তাঁর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়। এরপর বিয়ানীবাজারে বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখান থেকে রোববার দুপুরে অটোরিকশায় বাড়ি ফেরার পথে বেলা দুইটার দিকে হাতলিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে জুড়ী থানার কনস্টেবল আবদুস সবুর (৩৫) ছাড়াও জান্নাতুল ফেরদৌস (১৫), সালাতুন বিবি (৫৫), শামীম (৩৫) ও জিসান আলী (১৮) রয়েছেন। আহতরা জুড়ী ও বড়লেখা উপজেলার বাসিন্দা। তাঁদের প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর শোকাতুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আলী হোসেনের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। তাঁর চাচাতো ভাই মাহমুদুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘সৌদি থাকি ফিরার পরে আলী ভাইয়ের আয়রোজগার কমি গেছিল। ভালো রোজগারের আশায় আবার কাতার যাইতা আছলা। এই আশা আর পুরল না।’

খবর পেয়ে জুড়ী ও বড়লেখা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। রাত সাড়ে নয়টার দিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আলী হোসেনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।