নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ফিলিং স্টেশনে রহস্যজনক তালাবদ্ধ ব্যাগ ফেলে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্র ও ডাইভিং লাইসেন্সের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজা হচ্ছে।

এই ঘটনায় আজ রোববার পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। একই সঙ্গে ঘটনার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, "ব্যাগের ভেতরে পাওয়া জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না এবং অন্য কোনো উদ্দেশ্যে তাঁরা ব্যাগটি সেখানে রেখে গেছেন কি না, তা তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।"

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে এক নারী একটি তালাবদ্ধ ব্যাগ রেখে যান। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। দীর্ঘ সময় ব্যাগটি সেখানে পড়ে থাকায় সন্দেহ তৈরি হয়।

পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। রাত সোয়া দুইটার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখে যে, ভেতরে কোনো বিস্ফোরক নেই। ব্যাগের ভেতর থেকে ছেঁড়াফাড়া কাপড়চোপড়, একটি পার্স, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এক নারীর জাতীয় পরিচয়পত্র এবং তাঁর স্বামীর নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।