নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ পড়ে থাকায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট। প্রায় আড়াই ঘণ্টার সতর্ক অভিযানের পর ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই; বরং রয়েছে কাপড়চোপড়, একটি পার্স, জাতীয় পরিচয়পত্র ও একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স।
ঘটনার সূত্রপাত গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইউনাইটেড ফিলিং স্টেশনের ভেতরে এক নারী কালো রঙের একটি তালাবদ্ধ ব্যাগ রেখে যান। দীর্ঘ সময় ধরে ব্যাগটি সেখানে পড়ে থাকলেও কেউ তা নিতে না আসায় ফিলিং স্টেশনের কর্মচারীদের মনে সন্দেহ জাগে।
দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশকে বিষয়টি জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়, যার ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং উৎসুক মানুষের ভিড় জমে যায়।
"রাত দুইটার দিকে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ পদ্ধতিতে ব্যাগটি পরীক্ষা শুরু করে।"
রাত সোয়া দুইটার দিকে ব্যাগটি খোলার পর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক না থাকায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী মুক্তকণ্ঠকে বলেন, "ব্যাগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের জাতীয় পরিচয়পত্র, তাঁর স্বামী মো. মোশারফ সরকারের নামে একটি পেশাদার ডাইভিং লাইসেন্স, একটি পার্স ও ছেঁড়া কাপড়চোপড় পাওয়া গেছে। কী উদ্দেশ্যে ব্যাগটি এখানে ফেলে যাওয়া হয়, তা খতিয়ে দেখা হচ্ছে।"