কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক নিকটাত্মীয়কে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার উখিয়া উপজেলার ইনানীতে এই অভিযান চালানো হয়।
শনিবার বেলা তিনটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হাফেজ উল্লাহ (৬৩), যিনি টেকনাফের সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার বাসিন্দা। তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফাতো বোনের স্বামী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগেও তিনি মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহকে গ্রেপ্তার করেছিল র্যাব। সে সময় তাঁর কাছ থেকে ৫ হাজার ১৮৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
কোস্টগার্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, "গতকাল সকাল ১০টার দিকে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কোস্টগার্ড ইনানী স্টেশনের একটি বিশেষ দল মেরিন ড্রাইভ এলাকায় অভিযান শুরু করে। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কাছে থাকা ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।"
অভিযানের পর শুক্রবার বিকেলে ইয়াবাসহ হাফেজ উল্লাহকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "ইয়াবাসহ গ্রেপ্তার হাফিজ উল্লাহকে আজ শনিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে মামলা হয়েছে। এর আগেও তিনি ইয়াবা নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন।"