সাহিত্য, সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ উদযাপিত হলো ‘রবীন্দ্র-নজরুল স্মরণ ও বর্ষাবন্দনা ১৪৩৩’। গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ফোরাম হলে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। তিনি তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যিক অবদান, মানবিক দর্শন এবং তাঁদের সৃষ্টির চিরন্তন প্রাসঙ্গিকতার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির দ্য ল্যাঙ্গুয়েজ রিসার্চ সেন্টারের একাডেমিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর আহমেদ শামীম। ‘আমার রবীন্দ্রনাথ ও আমার নজরুল’ শীর্ষক আলোচনায় তিনি নিজের ব্যক্তিগত জীবন, পাঠ ও চিন্তাজগতের আলোকে দুই কবির অবদান তুলে ধরেন।

সভাপতিত্ব করেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শুধু রবীন্দ্রনাথ ও নজরুলকে স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তৈরি করে।”

সাংস্কৃতিক পর্বের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য এবং বর্ষা themed বিভিন্ন পরিবেশনা প্রদর্শিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।