বরগুনার পাথরঘাটায় কাজ শেষে বাড়ি ফেরা হলো না আব্দুস সাত্তার গাজী নামে এক নির্মাণশ্রমিকের। শনিবার (২৫ জুলাই) উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সাত্তার গাজীর ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও হাসান গাজী তালুক চরদুয়ানী বাজারের রিপন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করেন। তবে তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে সকাল ৯টার দিকে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই থানা থেকে একটি পুলিশ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।